খুলনা মহানগরীর লবণচরা এলাকায় ধারালো অস্ত্রের হামলায় শহিদুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত ১১টার দিকে দারোগাপাড়া এলাকায় কাশেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত শহিদুল বুড়ো মৌলভির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর রক্তাক্ত অবস্থায় শহিদুলকে পড়ে থাকতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করেন। পরে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে শহিদুলের মাথায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি এবং হত্যার একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাটি নির্জন হওয়ায় হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলনায় ৭৫ হত্যাকাণ্ড: দুই দিনে চার খুন, চাঁদাবাজি-সন্ত্রাসে আতঙ্ক, ‘পরিস্থিতি সামাল দিতে হিমশিম প্রশাসন’