হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে ঢাকা কাস্টমস হাউসের প্রতিরোধ দল।
নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসেন দুই যাত্রী চেন লিউইউন ও মো শিয়াওইউ। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় কাস্টমসের প্রতিরোধ দল।
তল্লাশির সময় দুই যাত্রীর জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে বিশেষ কৌশলে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট পাওয়া যায়। পরে এসব স্বর্ণের পেস্ট উদ্ধার করে জব্দ করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ভেজা অবস্থায় ১২ কেজি। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় এসব পেস্ট ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
কাস্টমস কর্মকর্তারা জানান, স্বর্ণগুলো অত্যন্ত কৌশলে পোশাকের ভেতরে সেলাই করে লুকিয়ে আনা হয়েছিল। তল্লাশির সময় যাতে সহজে শনাক্ত করা না যায়, সে উদ্দেশ্যেই এভাবে স্বর্ণের পেস্ট বহন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জব্দ করা স্বর্ণ ও আটক দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
খুলনায় ৭৫ হত্যাকাণ্ড: দুই দিনে চার খুন, চাঁদাবাজি-সন্ত্রাসে আতঙ্ক, ‘পরিস্থিতি সামাল দিতে হিমশিম প্রশাসন’